রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের তৃতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় রামপাল সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সেক্রেটারি কাজী ফারজানা মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি ও সমাজকর্মী এম, এ সবুর রানা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য মো. জিয়াউর রহমান, মনোজিত কুমার মুখার্জী, উজ্জ্বল মজুমদার, রোজিনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, নারী-পুরুষের মধ্যে বিদ্যমান শ্রম বিভাজন, পরিবার ও সমাজে কন্যাশিশুর প্রতি বৈষম্য ও নির্যাতন এবং সামাজিকীকরণ প্রক্রিয়া বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
সভায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহৎ পরিসরে পালনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে ধাপে ধাপে জানার এবং সাধারণ মানুষের মাঝে সে তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে নাগরিক নেতারা দায়িত্ব পালন করবেন বলে সভায় আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এজন্য স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
