Logo
table-post
মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি অশেষ শ্রদ্ধা, কচুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বাগেরহাটের কচুয়ায় পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরেই রাত ১২টা ১ মিনিটে কচুয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ভরে ওঠে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।

সর্বপ্রথম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসানের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কচুয়া থানা, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এছাড়াও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এসব কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কচুয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিণত হয় শ্রদ্ধা, ভালোবাসা ও চেতনার এক মিলনমেলায়। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে পুরো এলাকা ছিল আবেগঘন ও গাম্ভীর্যময় পরিবেশে মুখর।

@bagerhat24.com