Logo
table-post
সুন্দরবন রক্ষায় জোরালো আহ্বান: বাগেরহাট প্রেসক্লাবে সুন্দরবন দিবসে সচেতনতার বার্তা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

“সুন্দরবনকে ভালোবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে পালিত হয়েছে সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব-এর উদ্যোগে এবং সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন-এর সহযোগিতায় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন, অ্যাডভোকেট শাহ আলম টুকু, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব ও সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুলসহ অন্যান্য সদস্যরা।

‘অক্সিজেন ব্যাংক’ হিসেবে সুন্দরবনের গুরুত্ব

বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের জন্য এক প্রাকৃতিক সুরক্ষা বেষ্টনী। এটি দেশের দক্ষিণাঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহতা থেকে রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দরবনকে তারা দেশের ‘অক্সিজেন ব্যাংক’ হিসেবেও উল্লেখ করেন।

তবে নানা সংকটে আজ এই বনভূমি বিপর্যয়ের মুখে। বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি, বিষ প্রয়োগে মাছ ও জলজ প্রাণী নিধন, চোরা শিকারীদের হাতে বাঘ-হরিণসহ বন্যপ্রাণীর মৃত্যু এবং লবণাক্ততার প্রভাবে সুন্দরী গাছের ক্ষয়—এসব কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন।

সমন্বিত পরিকল্পনার দাবি

বক্তারা আরও বলেন, সুন্দরবন রক্ষায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ, পরিবেশকর্মী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বনদস্যুতা ও চোরা শিকার বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

দেশের পরিবেশ ও উপকূলীয় জনপদকে সুরক্ষিত রাখতে সুন্দরবন সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

@bagerhat24.com