বাগেরহাটে দেশীয় অস্ত্রসহ যুবক আটক, ফার্নিচারের দোকান থেকে বিপুল অস্ত্র উদ্ধার
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় নাশকতার আশঙ্কায় পৃথক অভিযানে যৌথ বাহিনী দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। একই সময়ে ভোটকেন্দ্রের কাছাকাছি দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকায় অভিযান চালানো হয়। লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ (এন), বিএন অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি, নীলডুমুর এবং মেজর আশরাদ, ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রতন (৫০) নামে এক ব্যক্তির ফার্নিচারের দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৬টি হাসুয়া, ৩টি করাত, ৩টি চাকু, ১টি বড় হাতুড়ি ও ৭টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ জানিয়েছেন, নির্বাচনের সময় নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
অন্যদিকে কচুয়া উপজেলার বিশট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে নাহিদ নামে এক যুবককে ৫টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানায় হেফাজতে রাখা হয়েছে এবং কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার হাসান চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় কোনো ধরনের অপরাধ সহ্য করা হবে না। নাশকতা বা অপরাধের চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে। জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
