Logo
table-post
বাগেরহাটে পরিত্যক্ত ভবনের পাশে লুকানো ৬ ককটেল উদ্ধার, নির্বাচনের আগে কড়া নিরাপত্তা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতার আশঙ্কার মধ্যে বাগেরহাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার হাড়িখালি সুইচগেট এলাকায় একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব ককটেল উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত ভবনের পাশের মাটির নিচে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বালতি থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে এসব ককটেল মজুত করে রাখতে পারে। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগের দিন কিংবা ভোটের দিন নাশকতার উদ্দেশ্যে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল।

ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে সেখানে পুলিশের একটি টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) ইউনিটকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

@bagerhat24.com