Logo
table-post
প্রাণনাশের হুমকি, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা, বাগেরহাট

নিজের এবং নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তার অনুসারী বিএনপির কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তিনি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, কয়েক দিন ধরে তাকে এবং তার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এবং বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকি দেয়া হয়েছে।

তিনি বলেন, এসব পরিস্থিতিতে নির্বাচনে অংশ নিলে নিজের এবং নেতাকর্মীদের জীবনের ঝুঁকি রয়েছে। তাই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, ২০১৮ সালেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। বর্তমান নির্বাচনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে হুমকি দেয়া হচ্ছে। তিনি জানান, জামায়াত প্রার্থীর কার্যালয়ও পুড়িয়ে দেয়া হয়েছে।

এ প্রেক্ষাপটে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা থাকলেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, প্রত্যন্ত এলাকা হওয়ায় মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলায় সুষ্ঠু নির্বাচন হবে না বলে তারা মনে করছেন। এ কারণেই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় গত ২১ জানুয়ারি কাজী খায়রুজ্জামান শিপনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বর্তমানে বিএনপির প্রার্থী সোমনাথ দে, জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওমর ফাকুর নূরী, জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)–এর প্রার্থী আব্দুল লতিফ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

@bagerhat24.com