বাগেরহাট- ৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে হত্যার হুমকি: থানায় জিডি
01/01/1970 12:00:00মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাজী খায়রুজ্জামান শিপন। জিডি নং-৪০৬ তারিখ:০৮-০২-২০২৬ ইংরেজি। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই আল-আমীন খান।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে,বাগেরহাট- ৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির বহিস্কৃত নেতা কাজী খায়রুজ্জামান শিপন রোববার সকালে মোরেলগঞ্জে তার নিজ বাসায় অবস্থান করছিলেন।এ সময় বেলা ১১ টার পরপরই তার নিজ মোবাইল নাম্বারে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন কল আসে। ফোনটি রিসিভ করলে কলকারী ব্যক্তি তার পরিচয় না দিয়ে তাকে যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করাসহ হত্যা করার হুমকি দেয়। পরবর্তীতে তিনি ওই নাম্বারে কল ব্যাক করলে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করাসহ নানা ধরনের ভয়ভীতি প্রদান করে।
কাজী শিপন আরও অভিযোগ করেন যে, বিভিন্ন সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করে তাকে প্রাননাশের হুমকি -ধমকি দিয়ে আসছে। অব্যাহত হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বিধায় বিষয় থানায় সাধারণ ডায়েরীভূক্তের আবেদন করেন।
