ফকিরহাটজুড়ে একযোগে নির্বাচনী ঝাঁপ, ৭২ ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণমিছিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ব্যাপক নির্বাচনী তৎপরতা দেখা গেছে। উপজেলার ৭২টি ওয়ার্ডে একযোগে এবং একই সময়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে গণমিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এ কর্মসূচি পালিত হয়। গণমিছিলে মোটরসাইকেল, অটোভ্যান ও পায়ে হেঁটে অংশ নেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এর মধ্যে বিকেল ৫টায় পিলজংগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং ১ নম্বর টাউন নওয়াপাড়া ওয়ার্ড বিএনপির আয়োজনে একটি বড় গণমিছিল শুরু হয়। মিছিলটি আমতলা মোড় থেকে যাত্রা করে মল্লিকপাড়া, শেখপাড়া, মধ্যপাড়া, শেখেরডাঙ্গা, কাটাখালী বাসস্ট্যান্ড ও কলেজ রোড প্রদক্ষিণ শেষে পুনরায় আমতলা মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন জুয়েল, বিএনপি নেতা জব্বার মল্লিক, মহিউদ্দিন মইন ভুইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোদাচ্ছের মল্লিক, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি ও মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা।
এছাড়াও যুবদল ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে অন্যান্য ওয়ার্ডেও অনুরূপ গণমিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
