বাগেরহাটে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
নারী নির্যাতন প্রতিরোধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির খুলনা বিভাগীয় সেক্রেটারি মনিরা সাইদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডা. মনোয়ারা আজাদ।
সমাবেশে আরও বক্তব্য দেন ডা. আকলিমা পারভীন, জেসমিন সুলতানা, হাসিনা নার্গিস, রেশমা ইসলাম, নিলুফা ইসলাম এবং লায়লা আরজুমান। এ সময় বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
