Logo
table-post
বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে বাগেরহাট অচল: বিচার বিভাগ ও প্রশাসনের কর্মচারীদের টানা কর্মবিরতি
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাগেরহাটে টানা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিচার বিভাগ ও জেলা প্রশাসনের কর্মচারীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী রবি ও সোমবারও একই কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়নের দাবি উপেক্ষিত হয়ে আসছে। এ লক্ষ্যে সরকার পে-কমিশন গঠন করলেও কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পরও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। উপরন্তু সরকারের এক উপদেষ্টার বক্তব্যে পে-কমিশন বাস্তবায়ন না করার ইঙ্গিত দেওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কর্মবিরতির ফলে জেলা প্রশাসন ও বিচার বিভাগীয় কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তবে আন্দোলনরত কর্মচারীদের ভাষ্য, তারা দীর্ঘ সময় ধরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছেন। কিন্তু ন্যূনতম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বেতন নিশ্চিত না হলে আর অপেক্ষা করা সম্ভব নয়। বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।

কর্মচারীরা আরও জানান, সরকার যদি দ্রুত তাদের দাবি মেনে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে তারা কাজে ফিরে যাবেন। তারা সরকারের কাছে মৌলিক চাহিদা পূরণের উপযোগী ন্যূনতম বেতন নির্ধারণের জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ শাওন, প্রচার সম্পাদক মতিউর রহমান, মিজানুর রহমান মুকুল এবং কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন দপ্তরের অসংখ্য সরকারি কর্মচারী উপস্থিত ছিলেন।

@bagerhat24.com