‘হাতপাখার গণজোয়ার দেখে একটি দল মিথ্যাচার শুরু করেছে’
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ
বাগেরহাটে হাতপাখার গণজোয়ার দেখে একটি দল মিথ্যাচারে মেতে উঠেছে। ইসলাম কায়েমের নামে মিথ্যার আশ্রয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়া যায়না বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা মো. ওমর ফারুক নুরী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়ীয়া ইউনিয়নের গুলিশাখালী বাজারে হাতপাখা প্রতীকের নির্বাচনি প্রচারনা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে আরও বলেন, ইসলাম সাম্য ও ন্যায়ের শিক্ষা দেয়। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার বাংলাদেশ, যেখানে কেউ ধর্ম ব্যবসা করতে পারবেনা। ন্যায়ের ভিত্তিতেই ইসলামী আন্দোলন রাষ্ট্র পরিচালনা করতে চায়। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই দলটির মূল লক্ষ্য।
পথসভায় অন্যান্যের মধ্যে মধ্যে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন জেলা সহসভাপতি সাইফুল ইসলাম, শরণখোলা উপজেলা সভাপতি রুহুল আমিন সরদার ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদুল্লাহ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
