Logo
table-post
বাগেরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা বাদুখালি মাঠে এই জনসভা আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।

সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা শেখ কামরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিস নেতা আমির উল আলম সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা সাহিদুল আলম, মাওলানা লিয়াকাত হোসেন, শ্রমিক নেতা অধ্যাপক শহিদুল ইসলামসহ আরও অনেক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি জনপ্রতিনিধি নয়—জনগণের একজন সেবক হিসেবে কাজ করব। বাগেরহাটের সকল প্রবাহমান খাল দখলমুক্ত করে তা সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, ন্যায়বিচার, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

@bagerhat24.com