সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ব্যারিস্টার জাকিরের
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যহীন একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাগেরহাট-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বৈটপুর ইউনিয়নের মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধ ও অনিয়ম দমনে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। সমাজকে নিরাপদ রাখতে হলে সাধারণ মানুষকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বৈটপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তারুজ্জামান রিক্তোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহিদুল ইসলাম রানার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য সরদার ওয়াহিদুজ্জামান পল্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার এবং ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ জনসভায় উপস্থিত ছিলেন।
