নিহত সাদ্দামের পরিবারে শোকের ছায়া: স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করলেন এম এ এইচ সেলিম
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে নিহত সাদ্দামের স্ত্রী ও শিশুসন্তানের কবর জিয়ারত করেছেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তিনি সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে গিয়ে কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার শিশুসন্তানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং এই হৃদয়বিদারক ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম এ এইচ সেলিম বলেন, নিহত নারী ও শিশুর মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করার মতো কোনো স্বাভাবিক লক্ষণ তিনি দেখেননি। এ ঘটনায় যদি কোনো অপরাধ, অবহেলা বা ষড়যন্ত্র থেকে থাকে, তাহলে তা অবশ্যই উদ্ঘাটন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, একটি পরিবার যেভাবে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে, তা অত্যন্ত মর্মান্তিক। দোষীদের আইনের আওতায় না আনলে সমাজে ভয়াবহ নজির তৈরি হবে। তাই এই ঘটনার প্রকৃত সত্য বের করতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জোর দাবি জানান তিনি।
স্থানীয়দের মতে, ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। দ্রুত তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে জনমনে ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
