Logo
table-post
অদৃশ্য নম্বর থেকে ডিসি–এসপিকে হুমকি! শনাক্তে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এসব হুমকির বেশিরভাগই অটো জেনারেটেড নম্বর ব্যবহার করে দেওয়া হচ্ছে, যা শনাক্ত করা অত্যন্ত কঠিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ডিসি ও এসপিকে হুমকির ঘটনায় প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে নাসিমুল গনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তবে অটো জেনারেটেড নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের পরিচয় নির্ণয় করা সহজ নয়। তবুও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানান তিনি।

র‍্যাবের জন্য নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে সচিব বলেন, রাষ্ট্রীয় অর্থ দেশের মধ্যেই রাখতে সরকার সচেতন। দেশের প্রথম সরকারি মালিকানাধীন যানবাহন প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এসব গাড়ি নির্বাচনকে কেন্দ্র করে কেনা হচ্ছে না। আজ কেবল নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে জাপান থেকে যন্ত্রাংশ এনে দেশে সংযোজন করা হবে, যা সময়সাপেক্ষ।

এদিকে, নির্বাচন সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে—এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। তিনি বলেন, রোহিঙ্গারা জীবিকার প্রয়োজনে ক্যাম্পের বাইরে যাতায়াত করে। এখন সবার কাছে পরিচয়পত্র রয়েছে, যা স্ক্যান করে নিয়ন্ত্রিতভাবে চলাচল করা হচ্ছে।

নির্বাচন ঘিরে রোহিঙ্গা ইস্যুতে অতিরিক্ত কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

@bagerhat24.com