ঘোড়া প্রতীকে ভোট চাইলেন এম এ এইচ সেলিম: বাগেরহাটে গণসংযোগ ও পথসভায় সরব সাবেক এমপি
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।
রোববার (২৬ জানুয়ারি) সকালে তিনি কচুয়া উপজেলার ফতেপুর বাজার, সাইনবোর্ড বাজার, বাধাল বাজার, জিরো পয়েন্ট, গজালিয়া ও দে-পাড়া বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে কচুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শ্রী শ্রী ছোট আন্ধার মানিক সর্বজনীন মন্দির এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভায় বক্তব্য দেন তিনি।
এম এ এইচ সেলিম বাগেরহাট জেলার ১, ২ ও ৩ আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তিনি বাগেরহাট-২ আসনের সদর ও কচুয়া এলাকায় সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বক্তব্যে এম এ এইচ সেলিম বলেন, প্রতীক না পেলেও তিনি বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং নির্বাচনে বিজয়ী হলে পুনরায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হওয়ার প্রত্যাশা রাখেন।
তিনি আরও বলেন, কচুয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠনসহ মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এলাকার উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, কোনো অনিয়ম বা নির্যাতনের শিকার হলে সরাসরি তাকে জানানোর জন্য ভোটারদের আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পথসভা শেষে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিবেচনা ও সচেতনতার মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচন করে বাগেরহাটের উন্নয়নে ভূমিকা রাখুন। একই সঙ্গে তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান।
