Logo
table-post
সাদ্দামের প্যারোল নিয়ে গুঞ্জন: আবেদন হয়নি, স্পষ্ট করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন জমা দেওয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাদ্দামের পরিবারের মৌখিক অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় যশোর কেন্দ্রীয় কারাগারের জেলগেটে তার স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সহানুভূতি ও সহযোগিতা প্রদান করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসন বা কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন খবর প্রচারিত হলেও তা বাস্তবসম্মত নয় এবং তথ্যগতভাবে ভুল।

বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সঠিক ও যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

উল্লেখ্য, রোববার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

@bagerhat24.com