বাগেরহাটে রহস্যজনক মৃত্যু: নিজ বাড়ির সৌচাগার থেকে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির সৌচাগার থেকে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম মুসলিমা খাতুন সীমা (২৮)।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেল নাগাদ পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মুসলিমা খাতুন সীমা যাত্রাপুর উত্তরপাড়া গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী। শেখ আসাদ স্থানীয় যাত্রাপুর বাজারে একটি মুদি দোকান পরিচালনা করেন। দম্পতির একটি ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরজুড়ে রক্তের দাগ পাওয়া গেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানান, ঘটনার দিন দুপুর ১২টার দিকে মুসলিমা রান্নাঘরে রান্না করছিলেন। পরে সাড়ে ১২টার দিকে সৌচাগারের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় শিশুকন্যা তার দাদাকে বিষয়টি জানায়। দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় মুসলিমাকে পড়ে থাকতে দেখা যায়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত নারী মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পূর্বে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তার চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
