ইসলামী আন্দোলন প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীমের বিশাল শোভাযাত্রা
01/01/1970 12:00:00শেখ শাহিনুর ইসলাম শাহিন,মোল্লাহাট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীমের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় মোল্লাহাট পোস্ট অফিস চত্বর থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এতে মোল্লাহাট ও চিতলমারী থেকে সহস্রাধিক মোটরসাইকেল এবং শতাধিক পিকআপ ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি ফকিরহাটে পৌঁছে স্থানীয় নেতাকর্মীদের সংযুক্তির পর চিতলমারীতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কয়েকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তিনি নির্বাচিত হলে বেকার সমস্যা নিরসনে শিল্প প্রতিষ্ঠান স্থাপন, কৃষি ও শিক্ষা খাতের উন্নয়ন এবং যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী কার্যক্রম গ্রহণ করবেন বলে অঙ্গীকার করেন। তিনি বলেন, “সত্যিকারের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন, ২০১৪ সালে আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থীকে হারিয়ে তিনি চিতলমারী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নানা চাপের মধ্যেও এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার কারণে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সেই জনপ্রিয়তার প্রতিফলন এই নির্বাচনে পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।
পথসভাগুলোতে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মুফতী রফিকুল ইসলাম ও চিতলমারী উপজেলা সভাপতি আবুল কালাম। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতী জাকির আশরাফি।
